নওগাঁয় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। উপজেলা কৃষি বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির আওতায় জেলার ৫ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।
আয়োজকরা জানান, আউশ ধান আপদকালীন ফসল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্যা বা প্রাকৃতিক দুর্যোগের সময় এই ফসল কৃষকদের বাড়তি সহায়তা দেয়। তবে নানা কারণে আউশ চাষে আগ্রহ কমে যাওয়ায় এর উৎপাদনও হ্রাস পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের প্রণোদনা সহায়তা দিয়ে আসছে। বিনামূল্যে বীজ ও সার বিতরণের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং আউশ চাষে তাদের আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে আউশের আবাদ বৃদ্ধি পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, নওগাঁ বরাবরই ধান-চাল উৎপাদনে দেশের শীর্ষস্থানীয় জেলা। দেশের খাদ্য চাহিদার একটি বড় অংশ এ জেলা থেকে পূরণ হয়। তিনি আরও বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বর্তমান সরকার কৃষিবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কৃষি কার্ড চালুর মাধ্যমে কৃষকদের প্রণোদনার আওতায় আনা হচ্ছে।
তিনি কৃষকদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে বলেন, কৃষির উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. স. ম. আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডিএস./



















