কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, তাজা গুলি ও দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত সন্ত্রাসী ও মিয়ানমারকেন্দ্রিক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত আনুমানিক ৩টার দিকে টেকনাফের সাবরাং সিকদার পাড়া সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকা থেকে ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি এবং তিনটি দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী রাসেলকে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. রাসেল (৩৬), ওরফে ‘ডন রাসেল’। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা মৌলভী আব্দুল গফুরের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে মাদক পাচার, মানবপাচার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে মানবপাচার, মাদক ও অস্ত্র সংক্রান্ত মোট আটটি মামলা রয়েছে। এর আগে টেকনাফ থানা পুলিশ তাকে একাধিকবার ইয়াবাসহ আটক করেছিল বলেও জানা গেছে।
জব্দকৃত অস্ত্র এবং আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, রাসেলের মতো আরও বেশ কয়েকজন সন্ত্রাসী ও মাদক কারবারি এলাকায় সক্রিয় রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা গেলে টেকনাফ সীমান্ত এলাকায় অপরাধ কার্যক্রম অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন তারা।
ডিএস./




















