ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকায় বসাকে (বসার জায়গা নির্ধারন ) নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে দুই পক্ষের হাতাহাতিতে ও সংঘর্ষে হানিফ মিয়া (৫৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে নবীনগর বাজার সংলগ্ন মনুবাবুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হানিফ মিয়া উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামের বেপারি বাড়ির হারিজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মনোবাবু নৌকা ঘাট এলাকা থেকে নৌকা ছাড়লে বগডহর ও মোহল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে নৌকায় বসার স্থান নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় এবং এ থেকে হাতাহাতি ও হট্টগোলের সৃষ্টি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষের রূপ নিলে এসময় প্রতিপক্ষের ঘুষির আঘাতে বগডহর গ্রামের হানিফ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ/ত ঘোষণা করেন। এ ঘটনায় মোহল্লা গ্রামের আব্বাস খা মেম্বার বাড়ির মোহাম্মদ খা-এর ছেলে এলেম খা জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার সঠিক কারণ উদঘাটনে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
ডিএস./



















