সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় দীর্ঘদিন ধরে আতঙ্ক ছড়িয়ে আসা ট্রান্সফরমার চোর চক্রের মূল হোতাকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব-১২।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম বাকিরুল। সে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া গ্রামের দেলবার ফকিরের ছেলে।
রোববার বিকেলে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ায় ঢাকা-বনপাড়া মহাসড়কের পাশে আল্লাহর দান হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।
তিন দলে ভাগ হয়ে চলতো অপারেশন
তদন্তে জানা গেছে, এই সংঘবদ্ধ চোর চক্র অত্যন্ত সুশৃঙ্খলভাবে তিনটি দলে বিভক্ত হয়ে কাজ করতো। প্রথম দল আগে থেকে এলাকা রেকি করে ট্রান্সফরমারের অবস্থান ও চুরির পরিকল্পনা তৈরি করতো। দ্বিতীয় দল সুযোগ বুঝে মাত্র ২০ মিনিটের মধ্যে ট্রান্সফরমার খুলে নিয়ে পালাতো। আর তৃতীয় দল চুরি যাওয়া ট্রান্সফরমার বিক্রির ব্যবস্থা করতো। এই পুরো নেটওয়ার্কের মাথায় ছিল বাকিরুল।
এর আগেও একাধিকবার এই চক্রের বিভিন্ন সদস্যকে বিপুল পরিমাণ ট্রান্সফরমার যন্ত্রাংশসহ আটক করেছিল পুলিশ। তবে মূল হোতা বাকিরুল প্রতিবারই ধরাছোঁয়ার বাইরে থেকে যেত।
এনায়েতপুর থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে র্যাব অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
পরে তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হলে থানা পুলিশ তাকে জেলহাজতে পাঠায়।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, এনায়েতপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি বাকিরুলকে র্যাব আটক করে সলঙ্গা থানায় হস্তান্তর করলে আমরা তাকে জেলহাজতে প্রেরণ করি।
ডিএস./



















