মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে অনুসরণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে জেলার বিজয়নগর উপজেলায় মাদক বিরোধী এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২রা মে) সকাল ১১ টায় উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া জেলার পলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে উক্ত মাদক বিরোধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, (ব্রাহ্মণবাড়িয়া -৩ সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সমাবেশে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তার বক্তব্যে বলেন,”সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব”- তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি মাদক প্রতিরোধে পুলিশসহ অপরাপর বাহিনীর সম্মিলিত অভিযানে সবার সহযোগিতা কামনা করেন। একই সাথে সমাজে শান্তি-শৃঙ্খলা এবং মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করতে জেলা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি তিনি প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে প্রতিমাসে একটি করে মাদক বিরোধী সমাবেশ করার আহবান জানান। সমাবেশে পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ মাদকের বিরুদ্ধে ”জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেন। এর পাশাপাশি মাদক প্রতিরোধে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত সকলকে সর্বাত্মক সহযোগিতার অনুরোধ জানান। তিনি মাদক স্পট, সেবনকারী ও মাদক ব্যবসায়ী সর্ম্পকে তথ্য প্রদানের জন্য উপস্থিত সকেলের প্রতি আহ্বান জানান। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে মর্মে সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মাদক নির্মূলে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরো গতিশীল রাখারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ মাদক প্রতিরোধ ও নির্মূলে তারা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। উক্ত সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণত সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, র্যাব-৯, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মোঃ নূরনবী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাজেদুল হাসান, এনসিপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আতাউল্লাহ, জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পেশাজীবী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিএস./















