পটুয়াখালী সদর উপজেলার বদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘিরে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। সোমবার (৪ মে ২০২৬) সকাল থেকে বিদ্যালয়টির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বদলপুর ইউনিয়নের কয়েক শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা একক সিদ্ধান্তে বিদ্যালয় পরিচালনা করছেন। শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে সমন্বয় না করে নানা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তাঁদের অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করায় অনেক শিক্ষার্থী মানসিক চাপে রয়েছে।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, এসএসসি পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে, যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিকতার পরিপন্থী।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, “দায়িত্ব দেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত এসএসসি পরীক্ষায় কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে পাস করিয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে।
একজন শিক্ষার্থী অভিযোগ করে জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিয়মিত ক্লাস নেন না এবং শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। অনেক সময় বিদ্যালয় বন্ধও রাখা হয় বলে অভিযোগ করে সে। একই বিদ্যালয়ের শিক্ষিকা রিনা পারভিন বলেন, তাঁকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে এবং অপমানজনক আচরণ করা হচ্ছে।
তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেহেরুন নেছা লিপি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিএস./




















