টাঙ্গইলের ভূঞাপুরে চার জন ডাকাত গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার রাতে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালপুরের ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুরের কোকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতির শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ।
তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ঘরের তালা গ্রীল কাটার জন্য ব্যবহৃত লোহার তৈরী কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি এবং ডাকাতি করার জন্য সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত হিসাবে পরিচিত।
ভূঞাপর থানা অফিসার ইনচার্জ সাব্বির রহমান জানান, সোমবার রাতে ঘাটান্দি নতুনপাড়া নজরুল ইসলামের বাড়ীর নিচতলায় গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে পরামর্শ ও প্রস্তুতি গ্রহনকালে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অন্য ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মামলার পর তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশে বিভিন্ন জেলার থানায় ৫/৭টি করে ডাকাতি, দস্যূতা, চুরি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।
ডিএস./



















