নওগাঁর ধামইরহাট থানাধীন শ্যামপুর বাজারে অবস্থিত “শুভ ট্রেডার্স” নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভ উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা চুরি এবং চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গত ৫ মে ২০২৬ তারিখে ধামইরহাট ও পত্নীতলা থানার সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। চুরির ঘটনার পরপরই তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে মহাদেবপুর থানার মাতাজি এলাকা এবং পত্নীতলা থানার গগনপুর এলাকায় পৃথকভাবে একাধিক ধাপে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোরাই ১টি ল্যাপটপ ও ২টি পেনড্রাইভ উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আবু সাঈদ (৩৫), পিতা-মৃত ছয়ফদ্দিন, মাতা-মোছাঃ রমেছা বিবি, সাং-ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ; শ্রী অমিত চন্দ্র বর্মন (২৮), পিতা-মৃত অমর চন্দ্র বর্মন, মাতা-শ্রীমতি ডলি রানী, সাং-বাদ জামগ্রাম ঘোষনগর, পত্নীতলা, নওগাঁ; মোঃ শামীম হোসেন (৩০), পিতা-মোঃ নুরুল হক, মাতা-মোছাঃ কহিনুর বেগম, সাং-ঘোষনগর উচ্চপাড়া, পত্নীতলা, নওগাঁ; এবং মোঃ স্বপন বাবু (৩১), পিতা-মোঃ শামসুল, মাতা-মোছাঃ আক্তার বানু, সাং-শিয়ালী, রাঁইগা, মহাদেবপুর, নওগাঁ।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরি এবং চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ অভিযানে স্বস্তি ফিরে এসেছে। তারা পুলিশের এ ধরনের তৎপরতাকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
ডিএস./





















