ময়মনসিংহের ভালুকায় কৃষক দলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষকদের সহায়তা এবং চলমান শ্রম সংকট মোকাবেলায় এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।
বুধবার (৬ মে) সকালে উপজেলা কৃষক দলের সদস্য সচিব শেখ মেজবাহউদ্দিন মাসুদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বুলবুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ নিজ হাতে ধান কেটে কৃষকদের সহায়তা করেন। এ সময় তারা বলেন, দেশের কৃষকরা নানা প্রতিকূলতার মধ্যেও উৎপাদন ধরে রাখছেন। তাদের যেকোনো সংকটে কৃষক দল পাশে থাকবে এবং মাঠ পর্যায়ে এমন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা জানান, শ্রমিক সংকটের সময় এমন সহায়তা তাদের জন্য স্বস্তির বার্তা। কৃষক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ডিএস./



















