চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিঠার দোকান থেকে আজিমপুর সড়কের নির্মাণকাজ দেড় বছর পার হলেও এখনো শেষ হয়নি। দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, ১৯০০ মিটার দীর্ঘ সড়কটির কাজ শুরু হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে। কাজ শেষ হওয়ার কথা ছিল একই বছরের জুলাই মাসে। তবে নির্ধারিত সময় পেরিয়ে প্রায় ১৭ মাস অতিবাহিত হলেও এখনো সম্পূর্ণ হয়নি সড়কের কাজ।
গত ৮ মে শুক্রবার সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে কাদা ও পানি জমে রয়েছে। এতে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তাটি একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় জরুরি রোগীদের হাসপাতালে নিতে চরম বেগ পেতে হচ্ছে স্থানীয়দের।
এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ ঝুলে থাকায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায় এবং কাদার কারণে হাঁটাচলা করা কঠিন হয়ে পড়ে। এছাড়া যানবাহন চলাচল করতে না পারায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীরা বেশি সমস্যায় পড়ছেন। দ্রুত সড়কের কাজ সম্পন্ন করার দাবি জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে ঠিকাদার জসিম উদ্দিন বলেন, “গত বছর কাজ শুরু হওয়ার পর বৃষ্টি ও নির্বাচনী পরিস্থিতির কারণে কিছু সময় কাজ বন্ধ ছিল। এ কারণে কাজ শেষ করতে দেরি হয়েছে। বর্তমানে কাজ চলমান রয়েছে। বর্ষা মৌসুম শেষে কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে এবং দ্রুত কাজ সম্পন্ন করা হবে।”
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ কুমার দে জানান, প্রায় ১ কোটি ৪৩ লাখ ৫৫ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “সড়কের প্রায় ১ কিলোমিটার অংশে ইতোমধ্যে এএস কাজ সম্পন্ন হয়েছে। বাকি অংশের কাজ চলমান রয়েছে। বৃষ্টির সময়ে কার্পেটিং করা সম্ভব নয়। বর্ষা মৌসুম শেষে কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে। আশা করছি আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে পুরো কাজ শেষ হবে।
ডিএস./




















