চট্টগ্রামের পটিয়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে শিগগিরই একটি কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন পটিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে শুধু প্রথাগত শিক্ষা নয়, প্রযুক্তি ও কারিগরি জ্ঞান অর্জনের মাধ্যমেই তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (৯ মে) বিকেলে পটিয়া পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি এনামুল হক বলেন, “বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। পটিয়ার শিক্ষার্থীদের জন্য কর্মমুখী শিক্ষার সুযোগ সৃষ্টি করতে আমরা একটি আধুনিক কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের তরুণরা দেশ-বিদেশে দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমেও উদ্বুদ্ধ হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া সচেতন নাগরিক ফোরামের সমন্বয়ক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সহসভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে শিক্ষকদেরও নতুন শিক্ষাপদ্ধতির সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, গাজী আবু তাহের, শফিকুল ইসলাম চেয়ারম্যান, অধ্যাপক দেলোয়ার হোসেন, মো. একরামুল হক, এস এম হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
শেষে এমপি এনামুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ডিএস./




















