চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “বেগম খালেদা জিয়া স্মৃতি নাঙ্গলমোড়া আন্তঃ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। ১০ মে(রবিবার)বিকেলে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে হাজারো দর্শকের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস এবং খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে।
নাঙ্গলমোড়া খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে সভাপতিত্ব করেন নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান লায়ন সালাউদ্দিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইফুল ইসলাম টুটুল বলেন, বর্তমান তরুণ সমাজকে সুস্থ ও সৃজনশীল ধারায় এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার কার্যকর হাতিয়ার। তিনি আরও বলেন, “তারুণ্যের শক্তিকে ইতিবাচক পথে পরিচালিত করতে হলে ক্রীড়াচর্চা বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় তরুণদের উন্নয়ন ও দেশের ক্রীড়াঙ্গনের প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করছেন। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে তার অবদান ভবিষ্যতের জন্য মাইলফলক হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে যুবসমাজকে মানবিক, শৃঙ্খলাবোধসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক ও ক্রীড়া কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল। তিনি বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা নতুন প্রজন্মকে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণরা ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।”
সভাপতির বক্তব্যে লায়ন সালাউদ্দিন আলী বলেন, এলাকার যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে জননেতা ব্যারিস্টার মীর হেলাল সাহেবের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।”
তিনি আরও বলেন, “আসুন, আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা সৃষ্টি করি, সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের পথে উৎসাহিত করি। মাদক নয়— শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও মানবিকতাই হোক আগামী প্রজন্মের মূল শক্তি।”
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন মাহমুদ ও সদস্য সচিব নুরুল আজম। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জোরদার করাই তাদের মূল লক্ষ্য।
এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমজাদ সুমন, নাঙ্গলমোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মহিনুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন, আহমেদ আরমান, নুরুল আজিম মিন্টু, ওসমান গনি, গাজী বাবুল, গাজী রাসেল, আল হেলাল, বশির আল হেলাল, মো. জুনায়েদ, আতাউলা সিকদার, আলী রিয়াজ, মো. মোরশেদ, মো. রিপন, মো. বাবু, মো. রিয়াজ, মো. শাওন, শাকিল, সাকিব, নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন, অতিথিদের পরিচিতি এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডিএস./




















