বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ (NIOHC)-এর ২৫তম আন্তর্জাতিক সম্মেলন সোমবার (১১ মে) চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
সম্মেলনে আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)-এর পরিচালক, নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কূটনীতিক, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটি ও NIOHC-এর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
উদ্বোধনী বক্তব্যে নৌবাহিনী প্রধান বিশ্বের অন্যান্য সামুদ্রিক রাষ্ট্রের মতো বাংলাদেশেও একটি স্বতন্ত্র হাইড্রোগ্রাফিক কর্তৃপক্ষ হিসেবে ‘ন্যাশনাল হাইড্রোগ্রাফার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই কর্তৃপক্ষ দেশের সামগ্রিক হাইড্রোগ্রাফিক কার্যক্রম সমন্বয় ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতের মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সুনীল অর্থনীতি ও উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় কার্যকর অবদান রাখবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা এবং প্রশিক্ষণ সহায়তা বিষয়েও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) অন্তর্ভুক্ত ১৫টি আঞ্চলিক কমিশনের অন্যতম ‘নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশন’ ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এ কমিশনের কার্যক্রম পরিচালিত হয়।
এ সম্মেলনে বাংলাদেশ, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধি অংশ নেন। পাশাপাশি সহযোগী রাষ্ট্র হিসেবে অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, মরিশাস, সেশেলস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও যোগ দেন। পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়া, মালয়েশিয়া ও সুদানের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও হাইড্রোগ্রাফিক সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরাও সম্মেলনে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ বর্তমানে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে।
ডিএস./




















