আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন – এই প্রদিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে পাবনায় আন্তজার্তিক নার্স দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ মে) সকালে পাবনা নার্সিং কলেজের পক্ষ থেকে কেক কেটে ও পায়রা উড়িয়ে দিবসটি উদযাপনের উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাবনা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ চত্ত্বর হয়ে ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, সিভিল সার্জন আবুল কালাম আজাদ, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. জাহেদী হাসান রুমী, নার্সিং কলেজের অধ্যক্ষ জীবননেছা সহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
শোভাযাত্রা শেষে মানবসেবায় অনন্য দায়িত্ব পালনকারী নার্সদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শন করে এ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নার্সরা কঠিন পরিবেশের মধ্যেও ধৈর্য্যের সাথে কাজ করছেন। রোগীর দীর্ঘস্থায়ী অসুস্থ্যতা মোকাবিলা থেকে শুরু করে কমিউনিটি স্বাস্থ্যসেবার উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এমন ভূমিকা পালন করা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা নানা ধরনের অবহেলা ও হয়রানির শিকার হন।
কম বেতন, কঠিন কর্মপরিবেশ ও অতিরিক্ত চাপ তাদের কাজের গতিরোধ করছে। এমন পরিস্থিতিতে নার্সদের সুরক্ষা ও সম্মান নিশ্চিতের পাশাপাশি নার্সদের ক্ষমতায়নে সবার প্রতি আহ্ববান জানান বক্তারা।
ডিএস./




















