টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান পরিচালনা করে পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে।
অভিযানে চালক আজিজুল হাকিম (২২), আল আমিন(২৫), হৃদয়কে (২৪) ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড ও হেলপার নাইম(১৮), জুলহাসকে (২২) ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়াও মাটি পরিবহনে ব্যবহৃত দুইটি মিনি ট্রাক ও দুইটি ট্যাফে ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বিচারক শাহীন মিয়া বলেন, “অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষিজমির জন্য ক্ষতিকর। জেলা প্রশাসক শরীফা হকের নির্দেশনায় জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
এ দিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ও অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছে।
ডিএস./




















