ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমানের অবসর গ্রহণ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কলেজের শহিদ সব্দুস সাত্তার মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক পরিষদ, কর্মচারী ইউনিয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় অধ্যক্ষের হাত দিয়ে কলেজের বার্ষিক ম্যাগাজিন ইচ্ছেমতী’র মোড়ক উন্মোচন করা হয়।
কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষক পরিষদের সম্পাদক কলিমুদ্দিন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রুহুল আমিন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আমিনুল ইসলাম ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
আলোচনা সভায় বক্তারা প্রফেসর মো. লুৎফর রহমানের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করে বক্তব্য দেন। তারা বলেন, দীর্ঘ কর্মজীবনের সমাপ্তি টেনে তিনি আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন। তার মেধা, প্রজ্ঞা এবং দক্ষ নেতৃত্বে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষা ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। একজন সজ্জন ও ন্যায়পরায়ণ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। কলেজের শৃঙ্খলারক্ষা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখতে তার অবদান অনস্বীকার্য।
নিজের বিদায়ী ভাষণে আবেগপ্লুত হয়ে প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি কেবল আমার কর্মস্থল ছিল না, এটি ছিল আমার একটি পরিবার। সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করেছি সাধ্যমতো কলেজের উন্নয়নে কাজ করার। আমার কোনো ভুলত্রুটি হলে আপনারা তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে তাকে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এ সময় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ডিএস./



















