জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি ২০২৬”-এ বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী নওগাঁ সদর উপজেলার ৫০ জন প্রতিযোগীকে সংবর্ধনা ও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, “নতুন কুঁড়ি শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের অন্যতম একটি বড় প্ল্যাটফর্ম। আজকের এই বিজয়ীরাই আগামী দিনে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে।”
তিনি আরও বলেন, “শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ বলেন, নতুন প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও শিশু-কিশোরদের উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ৫০ জন শিশু-কিশোরের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
ডিএস./



















