আধুনিক ও প্রযুক্তিনির্ভর কুমিল্লা সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস ড. আসিফ নাঈমুর রশিদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডিজিটাল নাগরিকসেবা, প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা, আধুনিক ট্রাফিক ব্যবস্থা, জননিরাপত্তা এবং ফ্রি ওয়াইফাই জোন চালুসহ বিভিন্ন আধুনিক সেবা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় নগরবাসীর নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যে ০১৩২৯৬৬৩৩৬৬ নম্বরে একটি হটলাইন সেবা চালু করা হয়। এর মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সেবা, অভিযোগ ও জরুরি তথ্য দ্রুত জানাতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক নগর ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও আধুনিক করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।
ডিএস./





















