চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলের লাঠি ও লাথির আঘাতে বৃদ্ধ বাবা নিহত হয়েছে। ১৫ মে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্ব টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু আহমদ (৬৫)।
তিনি একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে। এঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জরিনা বেগমের একটি হাত ভেঙে তিনিও আহত হয়েছেন। ঘটনার রাতেই স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম মিলনকে (৩৫) আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত আবু আহমদ কৃষক হলেও বার্ধক্যের কারণে কর্মক্ষমতা হারিয়ে বাড়ীতে থাকতেন। তাঁর একমাত্র ছেলে ইব্রাহিম মিলন স্থানীয়ভাবে বাঁশ-কাঠ বিক্রি ও বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করলেও সে মাদকাসক্ত হয়ে বেপরোয়া জীবন যাপন করতো। এ নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া লেগে থাকত। গত এক সপ্তাহ ধরে পারিবারিক কলহ চলপ আসছিলো।
এর জেরে শুক্রবার রাতে বাড়ির পাশের একটি দোকান থেকে ফেরার পথে বাবা আবু আহমদের ওপর লাঠি নিয়ে হামলা করেন ছেলে ইব্রাহিম। চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। লাঠির আঘাত ও লাথিতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।। অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
ডিএস./



















