ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের অভ্যন্তরে ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে জেল জীবন পাড় করতে থাকা মরন মিয়া (৪০) নামের এক কয়েদি মৃত্যুবরণ করেছেন। সোমবার (১৮মে) সকাল ১০ঃ৩০ মিনিটের দিকে মরন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরন মিয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের দায়িত্বরত জেল সুপার মোঃ মজিবুর রহমান মজুমদার জানান, মরন মিয়া সোমবার সকালে কারাগারের অভ্যন্তরে বসে নাশতা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় কারা চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন কিন্তু তার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন যে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।বর্তমানে তার মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগতভাবে সকল প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।
ডিএস,/



















