বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এসময় উপস্থিত ছিলেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাঃ আব্দুস সালাম,সিনিয়র স্টেশন অফিসার মো.ফিরোজ আহমেদ, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আবু ইউসুফ পান্না ও লুৎফর রহমান খানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, দ্রুত সেবাদান ও দক্ষতার মাধ্যমে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ২২ মে পর্যন্ত যশোরে বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণমূলক ও মহড়াভিত্তিক কর্মসূচি চলবে।
ডিএস./



















