জামালপুরে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও পারিবারিক পর্যায়ে কৃষি সম্প্রসারণে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করেছে ব্র্যাক।
বুধবার (২০ মে) দুপুরে শহরের বেলটিয়া এলাকায় এরিয়া কার্যালয়ে ব্র্যাক সেন্ট্রাল-২ ডিভিশনের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক মানুষদের মাঝে এসব বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের জেলা সমন্বয়ক মো: শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সিমসন হালদার, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো: হুমায়ুন কবির, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা) এ.এস.এম মাহবুবুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ খাইরুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ কামরুজ্জামান, সাংবাদিক শুভ্র মেহেদী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির সাত হাজার সদস্য প্রান্তিক মানুষদের মাঝে এসব বীজ বিতরণ করা হচ্ছে, বীজ বিতরণের মূল লক্ষ্য হচ্ছে উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পর্যায়ে সবজি চাষ সম্প্রসারণ। যাতে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষরা সরাসরি ভূমিকা রাখতে পারে।
বিতরণকৃত বীজের মধ্যে ছিল উচ্চ ফলনশীল আমন ধান, মরিচ, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে, বেগুন, ডাঁটা শাক, ঝিঙ্গা, শসা, চালকুমড়া, করলা, ধুন্দল, চিচিঙ্গা, লাল শাক ও ঢেঁড়সের বীজ।
ডিএস./



















