যশোরের বিভিন্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ইয়াবা,গাঁজা ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও দুই নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ মে) দিবাগত রাত থেকে বিভিন্ন সময়ে এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত ১০টার দিকে শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন রেলগেট রায়পাড়া এলাকার নজর আলীর স্ত্রী রওশন আরা এবং একই এলাকার পারু বেগম।
পুলিশ জানায়, রওশন আরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার ছেলে রকি এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। রায়পাড়া এলাকায় সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করা হয়েছে। এসময় একজনের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
অপরদিকে ডিবি যশোরের একটি টিম চৌগাছা থানার পুড়াপাড়া মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ ফারুক হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ফারুক মৃত মোহাম্মদ আলীর ছেলে।
এছাড়া জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার চূড়ামনকাঠি আম বটতলা বাজার ও জগহাটি রুহুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে শামীম রেজা (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল অবৈধ উইন সেরেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। আটক শামীম ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মন্তাজ মৃধার ছেলে।
শার্শা থানা পুলিশের এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে আমলাই এলাকায় অভিযানে আবু সাঈদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট,একটি ব্যাটারিচালিত ভ্যান এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়। তবে অভিযানের সময় অপর আসামি ইসমাইল হোসেন বেকা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আটক আবু সাঈদ আমলাই পশ্চিমপাড়া এলাকার আব্দুল হামিদ মোল্যার ছেলে।
এদিকে চৌগাছায় হুদা চৌগাছা গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবাসহ ইকরামুল (৩০) নামে এক যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ইকরামুল মৃত কাঞ্চনের ছেলে।
ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠ এলাকা থেকে গাঁজা কেনাবেচার অভিযোগে রাসেল মিয়া ও আসিফ আলী নামে দুই ব্যক্তিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা কেনাবেচা চলছিল।
অন্যদিকে জেলার বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার সরকারি খাদ্য গুদামের উত্তর পাশে অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার রাত ১১ টার দিকে অভিযানে আটক হন জহিরুল হক তুহিন (৩০) ও রাহুল বিশ্বাস (২০)।
ডিবি সূত্র জানায়,জহিরুল হক তুহিনের পকেট থেকে ৪০০ পিস এবং রাহুল বিশ্বাসের পকেট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তুহিন যশোর সদর উপজেলার মনোহরপুর (ইছালী) এলাকার ইসরাইল বিশ্বাসের ছেলে এবং রাহুল বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজার এলাকার পান্নু বিশ্বাসের ছেলে।
পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিএস./




















