ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কাইয়ুম মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধিকা টু নবীনগর সড়কের জুলাইপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাইয়ুম মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মৃত মনজুর আলীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর নিয়ে জানা যায়, কাইয়ুম মিয়া পাশের এলাকার বাইশমৌজা বাজার থেকে একটি গরু নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। পথে জুলাইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএস./























