টাঙ্গাইলে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের ছয়আনি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ ও মানহীন কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে অভিযানে ছয়আনি বাজারের মোল্লা স্টোর ও তালুকদার স্টোরকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সুরুজ বেকারির এশিয়া ফুড নামের প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্যের সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা ও সতর্কবার্তা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
ডিএস./

























