গাজীপুর মহানগরীর সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৫ কেজি গাঁজার বিশাল চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের সালনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে বিশেষ চেকপোস্ট স্থাপন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয় এবং দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। মহাসড়ক ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের মাদক পাচারের নতুন কৌশল উন্মোচিত হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ সময় সন্দেহজনক একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতরে অত্যন্ত কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর এলাকার মলাই মিয়ার ছেলে ট্রাকচালক মো. সাকিব মিয়া (৩৪) এবং কসবা উপজেলার বড়খোটা এলাকার শিশু মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের পর উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে জিএমপি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক পাচারকারী ও কারবারিদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরও কঠোর ও জোরালো অভিযান অব্যাহত থাকবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে রাজধানী ও আশপাশের অঞ্চলে মাদক সরবরাহে মহাসড়ককে ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। সালনায় এ অভিযানে বড় ধরনের চালান জব্দ হওয়ায় মাদক সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে আঘাত হানা সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা।
ডিএস./





















