নওগাঁর নিয়ামতপুরে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনএজ সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে এক ব্যতিক্রমধর্মী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাস্তব অভিজ্ঞতা ও প্রযুক্তিনির্ভর উপস্থাপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গত ৮ জুন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুলিশ সুপার শিক্ষার্থীদের সামনে বর্তমান সময়ের বিভিন্ন সামাজিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ তুলে ধরেন।
তিনি বলেন, “একটি সচেতন প্রজন্মই পারে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।” তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে বাল্যবিবাহের সামাজিক ও আইনি পরিণতি তুলে ধরে এ বিষয়ে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সাইবার নিরাপত্তা বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও সাইবার হয়রানি সম্পর্কে সচেতন থাকা এবং যেকোনো সন্দেহজনক ঘটনা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ মতবিনিময় সভায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের কৌতূহল ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরে। পুলিশ সুপার প্রতিটি প্রশ্নের বিস্তারিত ও তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি শিক্ষার্থীদের কল্যাণে এমন সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য জেলা পুলিশ, নওগাঁকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা সমাজ ও দেশের কল্যাণে সচেতন, দায়িত্বশীল এবং আইন মেনে চলা নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিএস./




















