ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মৃত ব্যাক্তির দাফনের জন্য কবর খুঁড়তে গিয়ে বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে কবর খুঁড়ার স্হানে ছাউনি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরু মিয়া (৪৫) ও সানাউল্লাহ (১৮) নামের দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও চারজন। সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
নিহত নুরু মিয়া নেয়ামতপুর গ্রামের জমির হোসেনের ছেলে ও সানাউল্লাহ একই গ্রামের মর্জু মিয়ার ছেলে। এ ব্যাপারে এই ঘটনার প্রত্যক্ষদর্শী পার্শ্ববর্তী গ্রামের মতি সরকারের স্ত্রীর চাচাতো ভাই সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফরিদ আহমেদ সাগর জানান, মতি সরকারের স্ত্রী আমার বোন। তার মৃত্যুর খবর পেয়েই মূলত ব্যথিত হয়ে আমি এখানে আসি।
দাফনের জন্য কবর খোঁড়ার কাজে কয়েকজন যুবকসহ স্থানীয় লোকজন অংশ নিয়েছিলো। একপর্যায়ে কবরস্থানে কবর ঢাকার জন্য ব্যবহৃত স্টেইনলেস স্টিলের (এসএস) একটি শেড সরিয়ে নেওয়ার সময় সেটি কবরস্থানের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শে লাগে।
এতে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। এবং চারজন গুরুতর আহত হয়। এই ঘটনায় আমরা সবাই কিংকর্তব্যবিমূঢ়। এলাকার সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুল আমিন জানান,দুজনের বিদ্যুৎপৃষ্টের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এই বিষয়ে আমাদের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএস./



















