বন্দিদের মানবিক ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুর জেলা কারাগারে সকল বন্দির মাঝে মৌসুমী ফল লিচু বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা কারাগার প্রাঙ্গণে কারা কর্তৃপক্ষ বন্দিদের হাতে ফল তুলে দেয়।
কারা সূত্রে জানা যায়, বর্তমানে ১১ শ ৪২ পুরুষ এবং ৪৮ জন নারী বন্দি রয়েছে।
বন্দিদের পুষ্টি চাহিদা পূরণ এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গ্রীষ্মকালীন জনপ্রিয় ও পুষ্টিকর ফল লিচু ৭ হাজার এবং আম ৭ হাজার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার শওকত হোসেন মিয়া এবং জেলার মনির হোসেন। তারা বন্দিদের খোঁজখবর নেন এবং কারাগারের সার্বিক পরিবেশ ও কল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করেন।
ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, “কারা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বন্দিদের মানবিক মর্যাদা রক্ষা এবং তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়ন করছি। স্বাস্থ্যকর খাদ্য, চিকিৎসাসেবা, বিনোদন ও পুনর্বাসনমূলক কার্যক্রমের পাশাপাশি মৌসুমী ফল আম ও লিচু দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “কারাগার শুধু শাস্তি প্রদানের স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনেরও একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দিদের মানসিক বিকাশ, ইতিবাচক পরিবর্তন এবং সমাজে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে নানা কর্মসূচি নিয়মিত পরিচালিত হচ্ছে।
ডিএস/.




















