নওগাঁর পোরশা উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি শুকনো গাঁজা ও চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুন ২০২৬) রাত আনুমানিক ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করেন।
প্রথম অভিযানে দক্ষিণ লক্ষীপুর এলাকায় নিজ বাড়ি থেকে এক কেজি শুকনো গাঁজাসহ মোছা. পারুল বেগম (৪১) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা এবং নজরুল ইসলামের স্ত্রী।
একই রাতে প্রায় দুই ঘণ্টাব্যাপী অপর একটি অভিযানে দক্ষিণ লক্ষীপুরের দীঘিপাড়া এলাকায় অনিল (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ির সামনে থেকে চারটি পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছগুলোর মধ্যে একটির উচ্চতা প্রায় সাত ফুট, অপরটির ছয় ফুট এবং বাকি দুটি যথাক্রমে চার ফুট চার ইঞ্চি ও দুই ফুট আট ইঞ্চি। গাঁজা গাছগুলোর মোট ওজন প্রায় ৪ দশমিক ৫০ কেজি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক নির্মূলে নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
ডিএস./.





















