পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে সরকারের ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গার বিভিন্ন সরকারি-কেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে ১৪ হাজার ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ ও রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার ১৩ জুন সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া। বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের প্রত্যেককে নিজ নিজ আঙিনায় এবং পতিত জায়গায় বেশি করে গাছ লাগাতে হবে। কেবল চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান লস্কর তিনি তাঁর বক্তব্যে বলেন, “চলতি বৃক্ষরোপণ সপ্তাহ উপলক্ষে মাটিরাঙ্গা বন বিভাগের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন সরকারি-কেসরকারি প্রতিষ্ঠানে বিনামূল্যে প্রায় ১৪ হাজার ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ ও রোপণ করা হবে। পরিবেশের সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতা ও পুষ্টির চাহিদা পূরণে এই চারাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা উপজেলার প্রতিটি অঞ্চলে সবুজায়ন ছড়িয়ে দিতে বদ্ধপরিকর এবং এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বন বিভাগের কর্মচারী, গনমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপজেলা চত্বরে একটি বকুল ফুলের চারা রোপন করে বিনামূল্যে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি শুরু করেন তিনি।
ডিএস./



















