সারা দেশের ন্যায় কুড়িগ্রাম সদর উপজেলাতেও সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযান-২০২৬ এর আওতায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ বৃদ্ধি করার লক্ষ্যে সদর খাদ্য গুদামে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কুড়িগ্রাম সদর খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৬০ মেট্রিক টন। কৃষক অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণের পর অনলাইনে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয় উপকারভোগী কৃষকদের। এবার কুড়িগ্রাম সদর উপজেলায় মোট ৪৫৩ জন কৃষকের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে ৪৫২ জন কৃষক ৩ টন করে এবং ১ জন কৃষক ১ টন ধান সরবরাহের বরাদ্দ পেয়েছেন।
কুড়িগ্রাম সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজা আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে কৃষক নির্বাচন করা হয়েছে, যাতে প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা পেতে পারেন।
এদিকে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে ৪৯৭ মেট্রিক টন আতব চাল এবং ২ হাজার ৯৩৩ মেট্রিক টন সিদ্ধ চাল। সরকার নির্ধারিত মূল্যে আতব চাল প্রতি কেজি ৪৮ টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি ৪৯ টাকা এবং ধান প্রতি কেজি ৩৬ টাকা দরে ক্রয় করা হচ্ছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, কৃষকদের সক্রিয় অংশগ্রহণে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
স্থানীয় কৃষকদের মতে, সরকার নির্ধারিত মূল্যে ধান বিক্রির সুযোগ পাওয়ায় তারা উপকৃত হচ্ছেন। এতে একদিকে যেমন কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন, অন্যদিকে সরকারি খাদ্য গুদামেও পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ নিশ্চিত হচ্ছে।
সরকারি এই সংগ্রহ অভিযান কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডিএস./



















