নওগাঁয় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
মেলায় প্রায় ১০টি স্টলে দেশীয় ও উন্নত জাতের শতাধিক ফল প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে নওগাঁর ঐতিহ্যবাহী ৭০ প্রজাতির আম দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে। পাশাপাশি হর্টিকালচার সেন্টার থেকে উৎপাদিত বিভিন্ন ফলের চারা, আচার এবং ফলভিত্তিক বিভিন্ন পণ্যও প্রদর্শন করা হচ্ছে।
মেলা উদ্বোধনের পর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “দেশের কৃষি অর্থনীতিতে আম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফল। আন্তর্জাতিক বাজারে নওগাঁর আমের চাহিদা আরও বাড়াতে হলে নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার ও উন্নত পরিচর্যার মাধ্যমে আমের গুণগত মান বহুগুণে বৃদ্ধি করা সম্ভব।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) খলিলুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রেজাউল করিম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মেহেদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার বিষ্ণু পদ সাহা। এ সময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধি, পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং উন্নত জাতের ফল চাষে কৃষকদের উৎসাহিত করাই এ মেলার মূল উদ্দেশ্য। একই সঙ্গে নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদন এবং আধুনিক বাজার ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
আগামী ২০ জুন পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বিভিন্ন জাতের ফল ও কৃষিপণ্যের এ আয়োজন ফল চাষের সম্প্রসারণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএস./



















