চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে প্রায় ৯৪ লাখ ৫১ হাজার টাকার বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা ১৫ মিনিটে যাত্রী বহির্গমন লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিমানবন্দর কাস্টমস শাখা, এনএসআই এবং ডিজিএফআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি-১৪৭ এর যাত্রী মোহাম্মদ আবু বক্করের হ্যান্ড লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম এবং ৪ হাজার ৭৯০ ওমানি রিয়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মোট মূল্য বাংলাদেশি মুদ্রায় ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।
আটক মোহাম্মদ আবু বক্করের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। তার পাসপোর্ট নম্বর A02513901 বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানার হেফাজতে রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক মুদ্রা পাচার রোধ, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি ঠেকাতে বিমানবন্দরে কাস্টমস, গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের সমন্বিত নজরদারি আরও জোরদার করা হবে।
ডিএস./



















