নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ সময় ইয়াবা বহনের অভিযোগে একটি বাসের চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাঁচপুর এলাকার খাঁন পাম্পের সামনে ঢাকাগামী লেনে হাইওয়ে পুলিশের চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কাঁচপুর হাইওয়ে থানারএসআই (নিঃ) শফিউল আলমের নেতৃত্বে একটি টহল দল চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ‘Saintmartin AL Mizan’ লেখা যশোর-ব-১১-০২৫৩ নম্বরের একটি বাসকে থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে বাসচালক মো. শরিফ হোসেনের (৩৯) সিটের ডান পাশে চালক নিয়ন্ত্রিত বক্সের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা কালো-লাল স্কচটেপে মোড়ানো একটি নীল রঙের এয়ারটাইট জিপার ব্যাগ থেকে ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটক শরিফ হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিএস./



















