কৃষিকে আরও সমৃদ্ধ, পুষ্টিনির্ভর ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
‘কৃষিই সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (আইএফএডি) সমর্থিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণী, ফিল্ড স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা এবং কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কংগ্রেসে আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিবান্ধব কৃষি ব্যবস্থা, জলবায়ু-সহনশীল চাষাবাদ এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব মোঃ মোরসালিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্ন নেছা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এবং পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মদ ছলুসহ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পুষ্টিকর ফসল উৎপাদন এবং পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই। কৃষকদের প্রশিক্ষণ এবং মাঠপর্যায়ে প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে কৃষি খাতকে আরও টেকসই ও লাভজনক করা সম্ভব।
অনুষ্ঠানে সফল কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, কৃষি প্রযুক্তি প্রদর্শন এবং বিভিন্ন ফিল্ড স্কুলের কার্যক্রম উপস্থাপন করা হয়। এতে অংশগ্রহণকারী কৃষকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
ডিএস./



















