নওগাঁর সাপাহার উপজেলার আমের বাজার ও আড়তগুলোতে ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ। আমের মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো ব্যবসায়ী, ক্রেতা ও পরিবহন শ্রমিকের সমাগমকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্ন বাণিজ্যিক কার্যক্রম নিশ্চিত করতে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ আমের বাজার ও আড়ত সাপাহার আমের বাজার পরিদর্শন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার বাজারে একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমের উদ্বোধন করেন। এ কন্ট্রোল রুমের মাধ্যমে বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, অপরাধ দমন, তাৎক্ষণিক পুলিশি সেবা প্রদান এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ ও প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় পুলিশ সুপার বাজারের বিভিন্ন আমের আড়ত পরিদর্শন করেন এবং ব্যবসায়ী, আড়তদার ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, আমের মৌসুমে সাপাহার আমের বাজারে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়। ফলে কোনো ধরনের প্রতারণা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই কিংবা জাল টাকার লেনদেন প্রতিরোধে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমের বাজারকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও আড়তদাররা জেলা পুলিশের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা বলেন, বাজারে পুলিশি নজরদারি বৃদ্ধি এবং অস্থায়ী কন্ট্রোল রুম চালু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের বিশ্বাস, পুলিশের এ উদ্যোগ আমের বাজারে নিরাপদ, সুষ্ঠু ও নির্বিঘ্ন বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএস./























