৬ষ্ঠ জাতীয় চা দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী হিসেবে জাতীয় চা পুরস্কার অর্জন করেছেন ইস্পাহানি চা কোম্পানির নেপচুন চা বাগানের চা শ্রমিক জেসমিন ওরাওঁ।
বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জেসমিন ওরাওঁ একাই ২৫ হাজার ৬২১ কেজি চা পাতা চয়ন করে এই স্বীকৃতি অর্জন করেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপচুন চা বাগানের একজন স্থায়ী শ্রমিক।
শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ৬ষ্ঠ জাতীয় চা দিবসের অনুষ্ঠানে শ্রমিক সম্পর্কিত ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ চা পাতা চয়নকারী’ হিসেবে তাকে জাতীয় চা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে তিনি ১৮ ক্যারেট স্বর্ণের এক ভরির সমপরিমাণ অর্থমূল্য, অর্থাৎ ১ লাখ ৮৭ হাজার ৬০৯ টাকার চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মুজিবুর রহমান চৌধুরী তার হাতে এ পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ মাইনুদ্দিন আহমেদ এবং বাংলাদেশ চা সংসদের সভাপতি কামরান টি রহমানসহ চা শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ।
চা শিল্পে শ্রমিকদের অবদানকে স্বীকৃতি দিতে জাতীয় চা দিবসে বিভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। জেসমিন ওরাওঁর এ অর্জন দেশের চা শ্রমিকদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ডিএস./



















