ভোলার লালমোহনে বালুভর্তি ট্রাক আয়রন ব্রিজ দিয়ে পারাপারের সময় ব্রিজ ভেঙে ট্রাকের চালক মো. নাইম (২৫) নিহত হয়েছেন। নিহত নাইম ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের সালাউদ্দিন মাস্টার বাড়ির ফরিদ মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকের হেলপার মো. আল আমিন (১২)।
উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মো. শাহে আলম জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে বালুভর্তি ট্রাকটি ব্রিজের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাওয়ার সময় শেষ মাথার কাছে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ব্রিজ ভেঙে ট্রাকটি খালের পানিতে পড়ে গেছে। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
লালমোহন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চালক নাইমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
স্থানীয় চৌকিদার মো. মহিউদ্দিন মার্শাল, মো. ইব্রাহিম, মাকসুদসহ আরও অনেকে জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস./



















