ভোলার লালমোহন উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এ বছর ৪৭ হাজার ৯১৭ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামীকাল রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।
এ উপলক্ষে শনিবার দুপুরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার।
সভায় জানানো হয়, উপজেলার ৯টি ইউনিয়নের ২১৬টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৬৭১ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৩ হাজার ২৪৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে এ বছর উপজেলার ৪৭ হাজার ৯১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ কর্মসূচি সফল করতে ইতোমধ্যে উপজেলার সব ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ডিএস./





















