জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রোববার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৩৬ হাজার ১০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
শনিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।
তিনি জানান, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৫৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৫০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সব মিলিয়ে উপজেলার ৩৬ হাজার ১০৯ জন শিশু এ কর্মসূচির আওতায় আসবে।
তিনি আরও জানান, ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে ২১৭টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪৩৪ জন স্বেচ্ছাসেবক এবং সার্বিক তদারকিতে থাকবেন ২৭ জন সুপারভাইজার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ছাড়া শ্রীমঙ্গল পৌরসভা এলাকায় ২০টি কেন্দ্রের মাধ্যমে ক্যাম্পেইন পরিচালিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৫২ জন স্বেচ্ছাসেবক।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। ক্যাম্পেইনের বিভিন্ন দিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন ডা. সুভাস দেবনাথ স্নিগ্ধ। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আকাশ নুনিয়াসহ স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।
ডিএস./





















