কুমিল্লার দাউদকান্দিতে জাসাস কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দাউদকান্দি মডেল থানার সামনে জাসাস কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি থানার সামনে থেকে শুরু হয়ে দোনারচর রোড প্রদক্ষিণ করে পুনরায় দাউদকান্দি মডেল থানার সামনে এসে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাসাস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. কামাল পারভেজ ডালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক এস এম মিজান।
এছাড়াও বক্তব্য দেন দাউদকান্দি পৌর জাসাসের আহ্বায়ক মোল্লা সোহেল, সদস্য সচিব মধু সরকার, তিতাস উপজেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দাউদকান্দি উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মুহাম্মদ জিয়াউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা জাসাসের সহ-সভাপতি সাইফুল ইসলাম চন্দন, মো. কামাল হোসেনের স্ত্রী জিয়াসমিন আক্তার এবং তাঁর ভাই মো. বিল্লাল হোসেন।
বক্তারা দাবি করেন, জাসাস কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন একজন বিনয়ী ও নম্র স্বভাবের ব্যক্তি। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে একটি মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। তারা অভিযোগ করেন, মামলার বাদী বাবুল হোসেন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমান পরিস্থিতিতে তিনি মো. কামাল হোসেনকে মিথ্যা মামলায় আসামি করে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং রাজনৈতিকভাবে হয়রানির চেষ্টা করছেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মো. কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।
ডিএস./





















