শিশুদের পুষ্টি নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যে নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় নওগাঁ পৌরসভা চত্বরে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টিএমএ মমিন, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি রানা), ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম জানান, জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে একযোগে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় জেলার ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত এ কর্মসূচি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি ও রাতকানা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে সহায়ক হবে।
ডিএস./





















