ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও পাঠদান উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ভালুকা পৌরসভার উদ্যোগে ভালুকা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ৬টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।
অনুষ্ঠানে মো. ইকবাল হোসাইন বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উপযোগী পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়নে ভালুকা পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।
ফ্যান হস্তান্তরের মাধ্যমে বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের জন্য অপেক্ষাকৃত স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গ্রীষ্মকালীন তাপপ্রবাহের সময় শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠগ্রহণে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন শিক্ষকরা।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, নতুন সিলিং ফ্যানগুলো শ্রেণিকক্ষে গরমের কষ্ট কমাতে সহায়ক হবে এবং শিক্ষার্থীরা আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পাঠগ্রহণ করতে পারবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের মৌলিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ভালুকা পৌরসভা বিভিন্ন সময়ে প্রয়োজনভিত্তিক সহায়তা দিয়ে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের নিয়মিত পাঠগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
ডিএস./



















