চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় পুকুর থেকে মো. ইলিয়াস (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাতকানিয়া থানা পুলিশ।
সোমবার (২৯ জুন) সকালে বাড়ির পাশের রাস্তার ধারে কচুরিপানায় আচ্ছাদিত একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেন। পরে বিষয়টি সাতকানিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মো. ইলিয়াস একই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, ইলিয়াস দীর্ঘদিন ধরে মদ্যপানে আসক্ত ছিলেন এবং প্রায়ই মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপ অবস্থায় পুকুরে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, “পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ডিএস./



















