“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,সরকারের কৃষি সহায়তা কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ জোগাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষক উপকৃত হবেন। এর ফলে চলতি আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
ডিএস./















