মুন্সিগঞ্জের গজারিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টানার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গজারিয়ার আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ হাবিবুর রহমান স্বাগত বক্তব্য রাখেন গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন গজারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ড. মো. আনোয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন , নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পার্টনার প্রকল্পের আওতায় ১০টি সেশনের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান, অসচ্ছল পরিবারের জন্য ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সামাজিক ও কৃষি সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
কৃষি বিষয়ক এ পার্টনার কংগ্রেসে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।
এ সময় পার্টনার কংগ্রেস স্কুলের সদস্য আরিফা আক্তার তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, প্রকল্পের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে তিনি আধুনিক কৃষি, পুষ্টি এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেছেন, যা তার ব্যক্তিগত ও পারিবারিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।
ডিএস./

















