খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বাংলা সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও বিদ্রোহের চিরন্তন কবি কাজী নজরুল ইসলামের আদর্শ ও সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুলাই) সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী সম্প্রচার করা হয় এবং মাটিরাঙ্গাসহ দেশের সকল উপজেলা পরিষদে তা একযোগে প্রদর্শন করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে তাহমিনা মিতু।
সরকার ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত দেশব্যাপী ‘নজরুল বর্ষ’ নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে।
উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)-এর ইন্সট্রাক্টর আজগর আলী এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল,মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবিকতা ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য, সংগীত, অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম এবং শোষণ-নিপীড়নের বিরুদ্ধে উচ্চারিত বলিষ্ঠ কণ্ঠ আজও মানুষকে অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তাঁর মানবমুক্তির দর্শন ও সাম্যের বাণী যুগে যুগে বাঙালি জাতিকে সাহস, শক্তি ও প্রেরণা জুগিয়ে আসছে।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু, বলেন, “নজরুল আমাদের দ্রোহ, প্রেম ও সাম্যের কবি। তাঁর লেখা ও দর্শন তরুণ সমাজকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করতে ও অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা জোগায়। নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্ম জাতীয় কবির জীবন, কর্ম ও আদর্শ সম্পর্কে আরও সমৃদ্ধ জ্ঞান অর্জন করবে এবং মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিমনস্ক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মাটিরাঙ্গায় বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কবির সৃষ্টিকে আমরা সবার মাঝে পৌঁছে দিতে কাজ করব।”
অনুষ্ঠান শেষে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্বোধন উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিটের মোড়ক ও লোগো উন্মোচন করা হয়। এ সময় অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ডাকটিকিটের মোড়ক উন্মোচন করেন।
ডিএস./

















