চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন সাতকানিয়া জোনাল অফিস বর্তমানে প্রায় ৭৮ হাজার গ্রাহককে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিয়ে আসছে। এসব গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে গড়ে প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল আদায় করা হয়।
২০১১ সালের জুলাই মাসে যাত্রা শুরু করা সাতকানিয়া জোনাল অফিসটি বর্তমানে দক্ষিণ চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। অফিসটির আওতায় রয়েছে মোট ১৭টি ইউনিয়ন। এর মধ্যে সাতকানিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন, চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়ন এবং লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন অন্তর্ভুক্ত। তবে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ও ধর্মপুর ইউনিয়ন ছাড়া প্রায় পুরো উপজেলাই পল্লী বিদ্যুতের সেবার আওতায় রয়েছে।
সাম্প্রতিক সময়ে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাওয়ায় গ্রাহকসংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে। একই সঙ্গে বিদ্যুৎ ব্যবহারে সচেতনতা, নিয়মিত বিল পরিশোধ এবং অবৈধ সংযোগ বন্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে জোনাল অফিস।
সাতকানিয়া জোনাল অফিসের এজিএম শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ প্রদান, নতুন গ্রাহক সংযোজন, মিটার রিডিং, বিল সংগ্রহ, লাইন রক্ষণাবেক্ষণ এবং জরুরি সেবা নিশ্চিত করতে ৮৭ জন কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। গ্রাহকদের দ্রুত সেবা নিশ্চিত করতে অভিযোগ গ্রহণ ও সমাধান কার্যক্রমও নিয়মিত পরিচালিত হচ্ছে, আমরা সব সময় চেষ্টা করি গ্রাহকদের বিদ্যুতের যেকোনো সমস্যাই দ্রুত সার্ভিস দিতে।
জোনাল অফিসের ডিজিএম (ডেপুটি জেনারেল ম্যানেজার) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধ, সিস্টেম লস কমানো এবং শতভাগ বিল আদায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে স্থানীয় গ্রাহকদের মতে, বিদ্যুৎ সেবার মান আগের তুলনায় উন্নত হলেও মাঝে মাঝে লোডশেডিং, বিদ্যুৎ বিলে ভুল ও কারিগরি ত্রুটির কারণে কিছু ভোগান্তি দেখা দেয়। এসব সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি গ্রাহকসেবার মান আরও উন্নত হবে বলে তারা প্রত্যাশা করেন।
ডিএস./





















