ভারতে পাচারের শিকার ৫০ বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের গ্রহণ করে মানবাধিকার সংস্থা রাইটস যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার।
ফেরত আসাদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী রয়েছেন। তারা প্রায় দেড় বছর থেকে সাত বছর পর্যন্ত ভারতের বিভিন্ন কারাগারে আটক ছিলেন।
হস্তান্তর প্রক্রিয়ার সময় শুন্যরেখায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ, ইমিগ্রেশন পুলিশ এবং দুই দেশের সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ফেরত আসা ৫০ বাংলাদেশিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, আইনগত কার্যক্রম শেষে ফেরত আসাদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার জন্য মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোরের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। সংস্থাগুলো তাদের পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, পরিবারের অভাব-অনটনের সুযোগ নিয়ে দালাল চক্র ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এসব বাংলাদেশিকে ভারতে পাচার করে। সেখানে প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করা হয়। পরে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতীয় মানবাধিকার সংস্থার সহায়তায় তারা শেল্টার হোমে ছিলেন। পরবর্তীতে দুই দেশের সরকারি উদ্যোগ ও ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
তিনি আরও জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনগত সহায়তার পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে রাইটস যশোর এবং জাস্টিস অ্যান্ড কেয়ার কাজ করবে।
ডিএস/





















